Sunday, October 14, 2012

হুইটম্যানের ‘ঘাস’


















একটি শিশু জিজ্ঞেস করলো, “ঘাস কী?”
একমুঠো ঘাস তার হাতে।

কী উত্তর দেবো আমি শিশুটিকে?
ঘাস যে কী, আমি তো তার চেয়ে বেশি জানি না।

আমার ধারণা এটি আমার মনোভাবের প্রতিবিম্ব,
আমার আশাবাদি চেতনার সবুজ বুনন।

অথবা, হতে পারে ঈশ্বরের হাতের রুমাল,
একটি সুগন্ধী উপহার এবং স্মৃতিজাগানিয়া
যা পরিকল্পিভাবে দেওয়া,
যার কোন এক কোণায় হয়তো লেখা আছে মালিকের নাম,
যা দেখে আমরা মন্তব্য করতে পারি,
আর জিজ্ঞেস করতে পারি, “এটি কার?”

অথবা, হতে পারে ঘাসটি নিজেও একটি শিশু,
উদ্ভিদজগৎ থেকে জন্মলাভ করা এক নাবালক।

অথবা, হতে পারে এটি একটি অভিন্ন চিত্রলিপি,
যার অর্থ হলো: প্রশস্থ এবং সংকীর্ণ জায়গায় একইভাবে গজিয়ে ওঠা,
বেড়ে ওঠা কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের প্রাঙ্গণে সমভাবে,
কানুক, টুকাহি, কংগ্রেসম্যান বা কাফ*;
সবাইকে আমি এক রকম দেই,
সবার থেকে আমি একই রকম করি গ্রহণ।

এবং এখন আমার মনে হয় এটি হচ্ছে
কবরে গজিয়ে ওঠা একগুচ্ছ অখণ্ড চুল।
কোমলভাবে তোমায় স্পর্শ করবো হে কোঁকড়ানো ঘাস,
হয়তো তুমি যুবকদের বুক থেকে ওঠেছো গজিয়ে,
হয়তো আমি জানলে বুঝতাম যে তাদেরকে আমি ভালোবেসেছিলাম,

হয়তো বৃদ্ধদের থেকে এসেছো, অথবা এমন সন্তানদের থেকে
যাদেরকে আগেই কেড়ে নেয়া হয়েছিলো মা’য়ের কোল থেকে,
আর এখন আছো তোমরা মায়ের কোলে,
এই ঘাস এত গাঢ় যে তা বৃদ্ধ মা’দের
ধূসর (চুলের) মাথা থেকে আসতে পারে না,
বৃদ্ধ পুরুষদের বিবর্ণ দাড়ি থেকেও তা গাঢ়,
এমন গাঢ় বর্ণ যা মুখের ভেতরের ধূসর লাল তালু থেকে আসে।

হ্যাঁ উললব্ধি করেছি আমি, এতগুলো সরব জিহ্বার মধ্যেও,
এখন উপলব্ধি করেছি (গাঢ় বর্ণটুকু)
মুখভ্যন্তরের ধূসর লাল তালু থেকে এমনিতেই আসে নি।

পারতাম যদি সেসব মৃত যুবক ও মৃত নারীদের
ইঙ্গিতটুকু ব্যাখ্যা করতে,
যদি পারতাম, ব্যাখ্যা করতে সেই বৃদ্ধ পুরুষ আর মা’দেরকে যাদের
সন্তানদেরকে কোল থেকে সরিয়ে ফেলা হয়েছিলো।

(ঘাসকে সুধাই) কী হয়েছিল সেই মৃত যুবক আর বৃদ্ধদের?
আর, কী হয়েছিল সেই নারী আর তাদের সন্তানদের?

তারা জীবিতই এবং ভালোই আছে অন্য কোথাও,
ছোট্ট এ ঘাস দেখিয়ে দিলো মরণ বলতে আসলে কিছু নেই,
আর মরণ যদি থাকেই তা জীবনকে সামনের দিকে নিয়ে যায়,
এবং তা ধরা পড়ার অপেক্ষায় থাকে না,
এবং জীবন ফিরে আসার জন্য মুহূর্তও থেমে থাকে না।

(ঘাসের মতো) সব জীবনই ওপরে বাইরের দিকে বের হয়ে যায়,
কিছুই পড়ে যায় না,
আর মরণ সকলের ধারণা থেকে আলাদা, তা সৌভাগ্যেরই বিষয়।


টীকা: কানুক, টুকাহি ইত্যাদি হলো অধিকার-বঞ্চিত রেড ইনডিয়ান ও নিগ্রোদের বিভিন্ন গোত্রের নাম। কংগ্রেসম্যান বা কাফ দ্বারা অভিজাত শ্রেণী তথা শ্বেতাঙ্গদের বুঝানো হয়েছে।

কবিতা সম্পর্কে: কবিতাটি হুইটম্যানের ‘সং অভ্ মাইসেল্ফ’ এর ষষ্ঠ পদ থেকে অনূদিত, যাকে কবি শিরোনাম দিয়েছেন ‘গ্রাস/ঘাস’। কবিতাটি হুইটম্যানের সাড়াজাগানো কাব্যগ্রন্থ ‘লিভ্স অভ্ গ্রাস’ থেকে নেয়া। সবুজ ঘাস একদিকে কবির আশাবাদী চেতনার প্রতীক, অন্যদিকে পায়ের তলার এ ঘাস সমাজের বঞ্চিত মানুষের প্রতিনিধি। কবি ছিলেন নিগৃহীত কৃষ্ণাঙ্গ আর ক্রীতদাস প্রথার বিপক্ষে এক প্রতিবাদী কণ্ঠস্বর। এই বারবার গজিয়ে ওঠা ঘাস হলো অমরত্ব আর পুনর্জনমের প্রতীক।

কবি সম্পর্কে: আমাদের সাম্যের কবি কাজী নজরুলকে বিভিন্ন জায়গায় ‘বাংলার হুইটম্যান’ বলে যে উল্লেখ করা হয়, তা যথার্থই। ওয়াল্ট হুইটম্যান (১৮১৯-১৮৯২) সাম্য, গণতন্ত্র আর অধিকারের গান গেয়েছেন তার সমস্ত কবিতায়। তার ‘সং অভ্ মাইসেল্ফ’ মলূত সং অভ্ হিউম্যানিটি, মানবতার গান। ওটি চিরকুমার হুইটম্যানের ব্যক্তিগত জীবনগাঁথা নয়। তিনি গেয়েছেন আদর্শবাদ আর সার্বজনীনতার গান। হুইটম্যান মানবতার কবি (Poet of Humanity), যেমন আমাদের নজরুল। ‘ঘাস’ হুইটম্যানের একটি প্রিয় রূপক। বস্তুত তার বিখ্যাত গ্রন্থের নাম ‘লিভস অভ্ গ্রাস’ (১৮৫৫)।

এ কাব্যগ্রন্থটি সম্পর্কে একটি মজার তথ্য আছে, হুইটম্যান দশবার সংশোধন করে গ্রন্থটি দশবারই প্রকাশ করেছেন। জীবনের দুর্দশার কারণেও হুইটম্যান আর নজরুল এক ঘরানার কবি। হুইটম্যান সম্পর্কে এতকিছু বলার আছে যা এখানে শেষ করা যায় না।

Saturday, October 13, 2012

কথারা আজ শুধু করে বিদ্রোহ

অনেক কথা থেকে যায় অনুক্ত
অনেক কথা নিঃশব্দেই হয় উক্ত।

অনেক কথা হজম করি নিরবে
অনেক কথা তুলে ধরি সরবে।

অনেক কথার শব্দ দেই বদলিয়ে
অনেক কথায় ধরি নিজেকে আগলিয়ে।

অনেক কথা গোপন রাখতে পারি না
অনেক কথা বলতে ছাড়ি না।

অনেক কথা বলা হয় অপাত্রে
অনেক কথা হয় শুধু রাত্রে।

অনেক কথা শুধু লেখে হয় প্রকাশ
অনেক কথা শুধু ফোনে পায় বিকাশ।

অনেক কথা শুধু অশ্রুতে বলি
অনেক কথা শুধু এড়িয়ে চলি।

অনেক কথা দুর্যোগ আনিয়ে দেয়
অনেক কথা কবি বানিয়ে দেয়।

অনেক কথা সময়ে বলা হয় না
অনেক কথার ভার অন্তরে সয় না।

কথারা আজ শুধু করে বিদ্রোহ
ব্যথা হয়ে মস্তিষ্কে ঘুরে অহরহ।

আমাদের আছে কথা বলার প্রতিভা!

রমজান মাসে ইফতারের মুহূর্তে চারপাশের শান্ত-নিরব পরিবেশটি কেমন লাগে? ফাঁকা রাস্তা, কোথাও কোন হইহুল্লা নেই, সকলেই নিজেদের মধ্যে শান্ত। একটি কর্মোদ্যমী দেশে দিনের বেলার রাস্তাঘাট অনেকটা এরকমই: কোথাও কোন অনাকাঙ্ক্ষিত জটলা নেই, এখানে-সেখানে লোক দাঁড়িয়ে নেই, সকলেই নিজ নিজ কর্মস্থলে কাজে নিমগ্ন।
কিন্তু ইফতার মুহূর্তটি পার হলেই চিত্রটি কেমন? রাস্তায় দাঁড়িয়ে, ওভারব্রিজে জড়ো হয়ে, ফ্লাইওভারে পায়চারি করে,
রাস্তার কোনায় বসে আছে মানুষ। কথা বলছে অথবা এমনিতেই দাঁড়িয়ে আছে। হতাশ হয়ে ভাবি, তারা সেখানে কী করে?

পৃথিবীর মানুষ যখন পিঁপড়ের মতো ব্যস্ত হয়ে কাজ করছে, জীবিকার সন্ধান করছে, বিন্দু থেকে সিন্ধু গড়ছে, গড়ে তুলছে শিল্প নগর আর বাসস্থান, তখন আমরা কী করছি?

সারাদিনমান চায়ের স্টলে বসে থেকে মানুষ শুধু কী কথা বলে? বিদেশীদের চোখে আমরা কেমন, সেটা একটু বিবেচনা করলে বুঝতে পারবো আমাদের সার্বিক চিত্রটি অন্যান্য পরিশ্রমী জাতিগুলোর সাথে কতটা বেমানান। এদেশে কর্মরত বিদেশী অতিথিরা আশ্চর্য হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। এদেশের মানুষগুলো শুধু কথা বলার এত সময় পায় কোথায়? তারা খায় কী?

কোরিয়ান, মালয়েশিয়ান, সিংগাপুরি প্রর্ভতি যেসব জাতির জন্ম আমাদেরই সময়ে তারা এদেশকে ভাবতো দুগ্ধমধুপ্রবাহী ও সমৃদ্ধ একটি জাতিগোষ্ঠী হিসেবে। তারা আমাদের সমৃদ্ধিতে ঈর্ষা করতো। কিন্তু আজ তারা আমাদের কর্মদাতা, তারা এদেশের শ্রমিককে কাজ না দিলে আমাদের জাতীয় আয়ে হাত লাগে। তাদের উন্নয়নের খোঁজ নিলে হয়তো আমরা দেখবো যে, গড়ে ওঠার সংগ্রামে তাদের সাপ্তাহিক ছুটিও ছিলো না।

আর আমরা?  ছুটি পেলেই যেন বাঁচি, যেন কাজই জীবনের উদ্দেশ্য নয়, অবকাশে থাকাই আমাদের কাম্য। আমাদের সরকারগুলো ছুটি মঞ্জুর করতে পারলেই খুশি। চাকরির আগে ছুটি ক’দিন, কখন অফিস শেষ হয়, এসব নিয়ে আগেই দর কষাকষি করি। বার্ষিক সাপ্তাহিক পার্বিক ঐচ্ছিক অর্জিত বর্ধিত বাবার জন্ম মায়ের জন্ম মৃত্যু আগমন নির্গমন সকল পর্বের জন্য চাই ছুটি। বৎসরের প্রায় অর্ধেক দিন কাটে আমাদের ছুটিতে।

ছুটি নিয়ে ফিরে যাই কর্মহীনতায় আর সৃষ্টিহীনতায়, গড়ে তুলি অলস আর কর্মবিমুখ প্রজন্ম। আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য কেমন লিগ্যাসি রেখে যাচ্ছি, তা কি একবার প্রশ্ন করি? কীসের কৃতীত্ব আমরা রেখে যাচ্ছি, যা নিয়ে তারা বড় হবে? যাকে তারা বাড়িয়ে তুলবে?

পরিহাসের বিষয় একটি বিষয়ে আমরা পারদর্শী: আমাদের আছে কথা বলার প্রতিভা। দিনে কথা রাতে কথা অফিসে কথা বাথরুমে কথা ঘুমানোর সময় কথা জেগে ওঠার সময় কথা হাঁটতে হাঁটতে কথা দৌড়াতে কথা সাঁতরাতে কথা ইয়ে করতে করতে কথা।  আমরা জানি না আমাদের কথা থেকে মুনাফা করে নিচ্ছে ভিনজাতিরা। বিনিয়োগের চেয়েও অধিক মুনাফা তারা পাঠায় তাদের মাতৃপ্রতিষ্ঠানে! ঠিক ইস্ট ইন্ডিয়ান কোম্পানিগুলো যা করতো আমাদের ওপর একসময়!

আমাদের কথা থেকে ব্যবসা করার জন্য তারা বিক্রি করছে কথা বলার মেশিন, স্থাপন করছে অগণিত কথাকেন্দ্র!  এক কোটি, দু’কোটি, তিন কোটি, চার কোটি এভাবে তারা আমাদের কথা-বলা জনতার সংখ্যা হালনাগাত করছে।  প্রেরণা দিচ্ছে আরও কথা বলার। আমরা হয়ে যাচ্ছি একটি সম্ভাবনাময় কথা-বলা জাতি! আর কবে আমরা কথা বলা থামিয়ে দিয়ে কাজ করতে শুরু করবো?

Thursday, October 11, 2012

এদেশ একটি সম্ভাবনাময় কথা-বলা জাতি


























দেশের মানুষগুলো এতো সময় পায় কোথায়, ভেবে অস্থির হই।
রাস্তায় দাঁড়িয়ে, ওভারব্রিজে জড়ো হয়ে, ফ্লাইওভারে পায়চারি করে,
রাস্তার কোনায় বসে তারা কী কথা বলে?
হতাশ হয়ে ভাবি, তারা সেখানে কী করে?

পৃথিবীর মানুষ যখন পিঁপড়ের মতো ব্যস্ত হয়ে কাজ করছে
জীবিকার সন্ধান করছে, বিন্দু থেকে সিন্ধু গড়ছে
গড়ে তুলছে শিল্প নগর আর বাসস্থান
তখন হতাশ হয়ে ভাবি আমাদের মানুষগুলো শুধু বসে বসে কী কথা বলে?

দিনমান চায়ের স্টলে বসে থেকে তারা কী কথা বলে?
ভিনদেশী অতিথিরা আশ্চর্য হয়ে আমাদের দেখে,
এদেশের মানুষগুলো শুধু কথা বলার এত সময় পায় কোথায়?
তারা খায় কী?

কোরীয় কিংবা মালে যেসব জাতির জন্ম আমাদেরই কালে
যারা আমাদেরকে ভাবতো দুগ্ধমধুপ্রবাহী দেশ বলে
যারা আমাদের সমৃদ্ধিতে ঈর্ষা করতো, আজ তারা আমাদের কর্মদাতা!
গড়ে ওঠার সংগ্রামে তাদের সাপ্তাহিক ছুটিটুকুও ছিলো না।

কিন্তু ছুটি পেলেই যেন বাঁচি, তিনপায়েতে নাচি
চাকরির আগে ছুটি ক’দিন, কখন অফিস শেষ হয়, নিয়ে ভাবি।
বার্ষিক সাপ্তাহিক পার্বিক ঐচ্ছিক অর্জিত বর্ধিত বাবার জন্ম মায়ের জন্ম
মৃত্যু আগমন নির্গমন সকল পর্বের জন্য চাই ছুটি;
বৎসরের অর্ধেক দিন কাটে আমাদের ছুটিতে।

ছুটি নিয়ে ফিরে যাই কর্মহীনতায় আর সৃষ্টিহীনতায়
গড়ে তুলি অলস আর কর্মবিমুখ প্রজন্ম।

একটি বিষয়ে আমরা পারদর্শী: আমাদের আছে কথা বলার প্রতিভা।
দিনে কথা রাতে কথা অফিসে কথা বাথরুমে কথা ঘুমানোর সময় কথা
জেগে ওঠার সময় কথা হাঁটতে হাঁটতে কথা
দৌড়াতে কথা সাঁতরাতে কথা ইয়ে করতে করতে কথা
আমাদের কথা থেকে ব্যবসা করে নিচ্ছে ভিনজাতিরা
তারা বিক্রি করছে কথা বলার মেশিন, স্থাপন করেছে অগণিত কথাকেন্দ্র;
কথা বলার কৃতীত্ব সম্পর্কে হালনাগাদ করে প্রেরণা দিচ্ছে প্রতিনিয়ত,
এদেশ একটি সম্ভাবনাময় কথা-বলা জাতি!



টীকা: কবিতা এবং অকবিতার মাঝামাঝি কোন ক্যাটেগরি এভেইলেবল না থাকায় লেখাটি অগত্যা কবিতা আকৃতিতে দাখিল করা হলো।

ছবি: দ্য ডেইলি স্টার, বাংলাদেশ।

Wednesday, October 10, 2012

লিপ সেকেন্ড: পৃথিবীর ঘূর্ণন গতি কি কমে যাচ্ছে?


পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের গতি একশ’ বছর পূর্বে যা ছিল এখন তার চেয়ে ১ মিলিসেকেন্ড (১ সেকেন্ডের ১০০০ ভাগের এক ভাগ) কমে গেছে। নিজের অক্ষে (axis) আবর্তন বলতে একদিন ও একরাতের মধ্যে পৃথিবীর ঘূর্ণনকে বুঝায়। নিজ অক্ষে পৃথিবীর আবর্তনের সময় দ্বারা ১ দিনের সময় নির্ধারিত হয়।

নিজ অক্ষে পৃথিবীর আবর্তনের সাথে সময়ের সমন্বয়ের জন্য গত ৩০ জুন রাত ১২টার পর ১ সেকেন্ড বাড়িয়ে দেওয়া হয়েছে। তাতে গত জুন মাসের শেষ দিনের শেষ মিনিটটিতে ১ সেকেন্ড বেশি গণনা করা হয়েছে। অর্থাৎ রাত ২৩:৫৯:৫৯ সময়ে ২৩:৫৯:৬০ করে দেওয়া হয়েছে। তাতে ৩০জুন তারিখের দিনটিতে ৮৬,৪০০ সেকেন্ডের পরিবর্তে ৮৬,৪০১ সেকেন্ড সময় ধরা হয়েছে। একে ‘লিপ সেকেন্ড’ বলে পরিচিত করানো হচ্ছে। পৃথিবীর আবর্তনগতির সাথে তাল মেলানোর জন্য প্রতি দেড় বছর পরপর এ পরিবর্তন করা হয়। ১৯৭২ সালের পর থেকে মোট ২৪বার এরকম করা হয়েছে।

এই পরিবর্তনটি অনেকটা লিপ ইয়ারের মতোই। লিপ ইয়ারকে (Leap Year) আমরা ভালোমতই জানি। সূর্যের চারপাশে নিজ কক্ষপথে (orbit) পৃথিবীর একবার ভ্রমণের সময়কে ১বছর বলা হয়। এক বছর বলতে আমরা জানি ৩৬৫ দিন, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫.২৪ দিন অর্থাৎ গাণিতিক হিসাব থেকে প্রায় ৬ঘণ্টা বেশি সময়। যেহেতু ১দিন হতে ২৪ঘণ্টা লাগে, তাই পৃথিবীর গতির সাথে সমন্বয় করার জন্য প্রতি ৪বছর পর ১দিন যোগ করে ৩৬৬ করা হয়। তখন ফেব্রুয়ারি মাসে ২৮দিনের  পরিবর্তে ২৯ থাকে।

দিন ও বছর অতিক্রমের হিসাব সঠিক ও যথাযথ করার জন্যই লিপ ইয়ার এবং লিপ সেকেন্ড-এর উদ্ভাবন।

তথ্যসূত্র: ইন্টারনেট।
এবিষয়ে গত জুনের শেষ সপ্তাহে ন্যাশনাল জিওগ্রাফিক থেকে প্রকাশিত একটি সংবাদ দেখুন।


নিজ অক্ষপথে পৃথিবীর আবর্তন আর নিজ কক্ষপথে সূর্যের চারপাশের পৃথিবীর প্রদক্ষিণ সংক্রান্ত কয়েকটি চিত্র।