Tuesday, November 13, 2012

মো ইয়ান কি সত্যিই নোবেল বিজয়ী প্রথম চীনা নাগরিক?



বলুন তো, কোন দেশের নোবেল প্রাইজ বিজয়ী এখন জেলের ভাত খাচ্ছেন এবং স্ত্রী গৃহবন্দী? উত্তর হলো চীন। কোন্ দেশের নোবেল বিজয়ী স্বদেশ থেকে বিতাড়িত? উত্তর হলো চীন। কোন্ দেশের নোবেল প্রাইজ বিজয়ী দেশের শত্রু হিসেবে বিবেচিত? উত্তর হলো চীন। চীনা বংশোদ্ভূত তিন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েও কোন্ দেশ তা স্বীকার করে না? উত্তর হলো চীন। এসবই হলো ২০১১ এবং এর পূর্ব পর্যন্ত চীনের নোবেল প্রাইজের খবর। ২০১২ সাল সম্পূর্ণ উল্টো। সাহিত্যে নোবেল প্রাইজ পেয়ে চীনের সরকারসহ সমগ্র দেশ উত্তেজনায় উন্মক্ত। সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কিষাণের ছেলে মো ইয়ান, যার আসল নাম গুয়ান মোয়ে।
সবাই বিস্মিত, এমন কি পুরস্কার বিজয়ী মো ইয়ান নিজেও। “আমি উল্লাসিত এবং আতংকিতও। এ প্রাইজের তেমন তাৎপর্য আছে বলে আমার মনে হয় না, যেহেতু স্বীকৃতি পাবার মতো আরও প্রতিভাবান লেখক চীনে আছেন।” বললেন মো ইয়ান কারণ, ইতিমধ্যেই পশ্চিমে এ পুরস্কার নিয়ে চুলছেড়া বিশ্লেষণ শুরু হয়ে গেছে। চীনে প্রকাশিত ‘গ্লোবাল টাইম্স’ এর সম্পাদক তো বলেই দিলেন: “তার মানে বুঝতে হবে, চীন ক্রমে শক্তিশালী হচ্ছে।” পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বললেন, “এ পুরস্কার হলো চীনের ক্রমবর্ধমান শক্তি ও উন্নয়নের অনিবার্য সুফল।” দেখুন উত্তেজনার নমুনা। তো পূর্বের নোবেল প্রাইজগুলো কিসের সুফল ছিলো?
রাষ্ট্রীয় সকল প্রচার মাধ্যমে পূর্বের সকল নোবেল বিজয়ীকে সযত্নে উপেক্ষা করা হচ্ছিল। নোবেল প্রাইজ বিজয়ের তিক্ত ইতিহাসকে ধামাচাপা দেয়ার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হলো: “মো ইয়ান কি চীনের প্রথম নোবেল বিজয়ী হতে পারে?”
এবার শুনাচ্ছি ২০১১ সাল পর্যন্ত চীনের নোবেল প্রাইজ অবজ্ঞা করার কাহিনী। ১৯৮৯ সালে ধর্মীয় গুরু দালাই লামা অর্জন করেন শান্তিতে নোবেল প্রাইজ। তিব্বতের স্বাধীনতা সংগ্রামে দালাই লামা নেতৃত্ব দেয়ায় সেটাকে চীনা সরকার স্বীকৃতি দেয় নি। এ হলো চীনের প্রথম নোবেল প্রাইজ বিজয়ের কথা।
চীন বংশোদ্ভূত গাও জিংজিয়ান ২০০০ সালে সাহিত্যে প্রথম নোবেল প্রাইজ লাভ করেন। কিন্তু হায় তিনি তখন ফ্রান্সের ইমিগ্রান্ট! তার ‘সউল মাউন্টেন’ নামের উপন্যাসটিতে চীনের কনিউনিস্ট সরকারের বিভিন্ন কার্যকলাপের সমালোচনা করা হয়। সুতরাং সেটা ব্যান করো! তাই হলো।

সবশেষ ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কার, যা দেওয়া হলো চীনের মানবাধিকার কর্মী ও ভিন্ন মতাবলম্বী লেখা লিউ জিয়াবাওকে। আর যায় কই, তাকে চিহ্নিত করা হলো রাষ্ট্রীয় শত্রু হিসেবে। এবার বুঝেন তার গন্তব্য কোথায় হবে?
এভাবে চীন জাতীয়ভাবে দু’বার নোবেল পেলেও, কমিউনিস্ট সরকারের বিরোধী হবার কারণে তাদের কেউই স্বীকৃতি পান নি। ২০০০ সালের নোবেল বিজয়ী ফ্রান্সের অভিবাসী হবার কারণে তাকে এমনিতেই হিসেব থেকে বাইরে রাখা হলো।


তাহলে স্বীকৃতি পেলেন কে? মো ইয়ান, ২০১২ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী। মো ইয়ান-এর বর্তমান পরিচিতি কী? চীনা লেখক সংগঠনের সহ-সভাপতি এবং ধারণা করা হয় যে তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন সদস্যও। তিনি চীনা জাতীয় শিল্পকলা একাডেমির সাহিত্য বিষয়ের ডীনও।
মো ইয়ানের প্রতিভা নিয়ে আপাতত কিছুই বলছি না, বলছি নোবেল প্রাইজের রাজনীতিকরণ নিয়ে। পত্রিকা প্রকাশিত তথ্য মোতাবেক, নোবেল প্রাইজের বিজয়ী নির্বাচনের আগে ও পরে হয় অনেক রাজনীতি, অথবা রাজায় রাজায় পীরিতি। দালাইলামা আর লিউ জিয়াবাওকে নোবেল প্রাইজ দিয়ে যেভাবে ক্ষেপিয়ে তোলা হয়েছিল হালের পরাশক্তি চীনকে, সেই অবস্থার দ্রুত প্রশমনের জন্য দরকার হয়ে পড়েছিলো আরেকটি নোবেল প্রাইজের। নিজেদের অগ্রগতি ও রাষ্ট্রীয় নীতিতে সমর্থন পাবার জন্য, এ নোবেল প্রাইজ পেতে চীনা সরকারও বিগত কয়েক বছর ধরে মরিয়া ছিলো।
রেড সরগাম-খ্যাত মো ইয়ানের উত্থান ও তার বৈশিষ্ট্যপূর্ণ সাহিত্য নিয়ে পরবর্তী কোন পোস্টে আলোচনা করার চেষ্টা করবো।

Friday, November 9, 2012

নিরাকার কারিগরের নিঃশব্দ ডাক


দিগন্তজুড়া মাঠ আর আদিম অরণ্য
শ্বেতচূড়ার পর্বত আর উপত্যকা অনন্য
পুষ্পময় তৃণভূমি তরঙ্গময় সমুদ্র
উড্ডয়নশীল ছাতক উল্লম্ব ঝরণাধারা -

স্তম্ভিত করে থামিয়ে দেয়
দৈনন্দিন জীবনের আবেশ থেকে
নামিয়ে দেয় এক
নিমগ্ন ধ্যানের গুপ্ত গুহায়।

সৃষ্টির বিস্ময় নিরাকার কারিগরের দিকে
দৃষ্টি নিয়ে যায়
প্রকৃতির মায়াবী মোহনীয়তায় প্রকৃত গন্তব্যের
ডাক পাওয়া যায়।

Thursday, November 8, 2012

একই সত্ত্বার একাধিক স্বরূপ হই নি কখনো সচেতন


পিঁপড়ের কাছে দৈত্য আমি, পর্বতের কাছে তুচ্ছ
মানবের কাছে অধরা আমি, ঈশ্বরের কাছে স্বচ্ছ।

দৈত্য হয়ে বুঝি নি আমি, তুচ্ছ পিঁপড়ের শিক্ষা
ঈশ্বরের চোখে স্বচ্ছ হয়েও, মানবেরে করেছি উপেক্ষা।

একই সত্ত্বার একাধিক স্বরূপ, হই নি কখনো সচেতন
দিতে চাই নি, নিতে শুধু চেয়েছি, আপন স্বার্থে সদা অচেতন।

Wednesday, November 7, 2012

বারাক ওবামার জয়: তবে তো ঘূর্ণিঝড়ই ভালো!



তবে তো ঘূর্ণিঝড়ই ভালো! যুক্তরাষ্ট্রও জয়বায়ু পরিবর্তনের প্রভাবে পড়বে এবং প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগ অবশ্যম্ভাবী। এরকম কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ প্রেজিডেন্ট ওবামা, আর তা-ই সত্য হলো। বিধ্বংসী ঘূর্ণিঝড় স্যান্ডি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে তচনচ করে দিয়ে গেলো। তাতে ওবামা প্রশাসন নির্বাচনের সকল প্রচারণা স্থগিত করে দিয়ে নেমে পড়লেন দুর্যোগ মোকাবেলায়। একদিকে দুর্যোগ সম্পর্কে ওবামার ভবিষ্যৎ বাণীর সত্যতা অন্যদিকে ত্বরিৎ দুর্যোগ প্রশমনে সফলতা – এ দুটি ডাবল কৃতীত্বের তাৎক্ষণিক সুফল পেলেন র্বারাক ওবামা!  অথচ নির্বাচনের দিন সকালেও কেউ ধারণা করতে পারে নি সাদাঘরে আসলে কে যাচ্ছে। এ অনিশ্চয়তার অন্যতম প্রমাণ হলো জরিপের ৪৯:৪৯ সমীকরণ।

একথা সত্যি যে, নারী  এবং পিছিয়ে-পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ওবামার দরদী হৃদয় ও অনুকূল পুনর্বাসন কর্মসূচি অনেকখানি তাকে এগিয়ে নিয়ে গেছে বিজয়ের দ্বারপ্রান্তে।

দ্বিতীয় মেয়াদে বিজয়ী ওবামা কণ্ঠে ছিলো কোন উচ্ছ্বাস, ছিলো না কোন অতিরিক্ত উত্তেজনা। “This has happened because of you. Thank you! … এ ফলাফলে আমি বিস্মিত নই ….দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম ফর অ্যামেরিকা! আমাদের পারস্পরিক মতভেদের মধ্যেও ঐক্যবদ্ধ আছি এজন্য যে অ্যামেরিকার জন্য আমাদের আছে আশা।” যুক্তরাষ্ট্রের জন্য আরও উত্তম অপেক্ষা করছে। ওবামা কথা দিলেন তার প্রতিপক্ষ রমনিকে নিয়ে একসাথেই কাজ করবেন।

ওদিকে মিট রমনি তাৎক্ষণিক সমাবেশে অভিনন্দন জানালেন পুনঃনির্বাচিত প্রেজিডেন্টকে। “চেয়েছিলাম যুক্তরাষ্ট্রকে অন্য একটি দিকে এগিয়ে নিয়ে যেতে…কিন্তু আপনারা যেহেতু অন্য একজন নেতাকে পছন্দ করেছেন…এখন আপনাদের সাথেই তার জন্য আকুলভাবে প্রার্থনা করি। আর প্রার্থনা করি এই মহান জাতির জন্য।”  সামনের সারির হতাশ সমর্থকদের চোখে পানি থাকলেও রমনির স্বাভাবিক আচরণ।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সত্যিই মুগ্ধ করে আমাদের।  আমরা মোহিত হই, আপ্লুত হই, ইউটোপিয়ান স্বপ্ন দেখি। আমাদের কাজই শুধু মুগ্ধ হওয়া আর অন্যের জয়ে অভিনন্দন জানানো। আহেম! আমাদের নেতানেত্রীরা যথাসময়ে অভিনন্দন জানিয়েছেন চিকন কালা ভাইকে!

ওবামা বা রমনির জয়-পরাজয়ে ব্যক্তিগতভাবে আমার কিছুই যায় আসে না। তাদের বিদেশ-নীতিতে একচুল এদিক-সেদিক হয় না: ডেমোক্রাট বলেন আর রিপাবলিকান। কিন্তু আজ মনে হচ্ছে রমনীর বিজয়ে একটু চিন্তিতই হতাম। হয়তো এর অন্যতম কারণ রিপাবলিকানদের রক্ষণশীল ও ইমিগ্রান্ট-বৈরি নীতির জন্য। তাছাড়া আরেকটা আফগানিস্তান বা আরেকটা ইরাকের ঘটনা যে ঘটতো না, তা কে জানে! শ্বেতাঙ্গ না হবার কারণে একটা মনস্তাত্ত্বিক নৈকট্য অনুভব করি আমি ওবামার প্রতি।

Tuesday, November 6, 2012

ইটখোলা-বাহিত আগর-সুভাষ




সম্মোহিতের মতো খুঁজি আমি দিনের তারাকে
বুঝি না রোজই কেন স্বপ্নভঙ্গ হয়
ভালো লাগায় হতাশা আর বিষাদকে মনে হয়
পরম আরাধ্য, চরম পুলকময়।

থাকো তুমি সাথে, প্রভাতে বা রাতে
তুমি আমার আর কিছু চাই না তাতে
তুমি আছো এ বিশ্বাসে শক্তি আসে নিঃশ্বাসে
সাগর সমুদ্র পর্বত প্রণালী মাড়িয়ে যাই হাত রেখে হাতে।

ভালো লাগে বৃষ্টি-বিধৌত শরতের বাতাস
কাশবনে-ঢাকা মেঘলা আকাশ
তোমার সামনে ইটখোলা-বাহিত বাতাসও
যেন ছড়ায় আগর-সুভাষ।

Monday, November 5, 2012

লেখার কৌশল




ভালো লেখার তিনটি গোপন রহস্য আছে, তুমি তা জানো? এক অধ্যাপক জিজ্ঞেস করলেন তার ছাত্রকে। ছাত্র তো নির্বাক। ভাবছে স্যারের মনের কথা বলার জন্যই ভূমিকা করছেন। তাই ছাত্র অপেক্ষার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো স্যারের দিকে। শেষে জিজ্ঞেসই করতে হলো, স্যার আপনি কি তা জানেন? অন্য দিকে উদাসীন দৃষ্টি দিয়ে স্যার বললেন, নাহ, আমিও জানি না।

কৌতুকটি সমারসেট মমের মজার কথাটিকে স্মরণ করিয়ে দেয়। তিনি বলেছিলেন, উপন্যাস লেখার তিনটি কৌশল আছে। দুর্ভাগ্যবশত কেউই তা জানে না! এই হলো ভালো লেখার রহস্য; যা কেউ জানে না। তবে আর কৌশল নিয়ে কেন এতো মাতামাতি? আমি ভাবি।

লেখা নিয়ে খ্যাতিমান লেখকদের বৈচিত্রময় মনোভাব আমাকে আকৃষ্ট করেছে এবং চিন্তিতও করেছে। ওল্ড ম্যান এন্ড দ্য সি-খ্যাত ঔপন্যাসিক হেমিংওয়ের ভাষ্যমতো, লেখক হবার জন্য লেখার কোন প্রয়োজন নেই। টাইপরাইটারের সামনে গিয়ে রক্তক্ষরণ করলেই তা হয়ে যাবে লেখা। লেখক হতে হলে ভাষাজ্ঞানের চেয়েও দরকারি বিষয় হলো একটি বিদগ্ধ হৃদয়।

লেখতে লেখতে শুধু লেখক হওয়াই নয়, আবিষ্কারও করা যায়। বেকনের ভাষায়, পড়া মানুষকে পরিপূর্ণ করে, সম্মেলন মানুষকে প্রস্তুত করে আর লেখায় মানুষকে শুদ্ধ করে। কীভাবে একটি কবিতা শেষ হবে এই ভেবে রবার্ট ফ্রস্ট কখনো কবিতা লিখতে শুরু করেন নি। লেখতে লেখতে তিনি আবিষ্কার করেছিলেন নিজেকে।

কিন্তু কী লিখবো? আমার ছাত্রজীবনে এ প্রশ্নের উত্তরে আমার প্রিয় শিক্ষক বলেছিলেন, “কিছু যে লেখতে পারছো না, তা-ই লেখো।” আমি হাহাহা করে ওড়িয়ে দিয়েছিলাম। “লেখা বন্ধ করলেন তো লেখকের তালিকা থেকে বাদ পড়লেন (রে ব্যাডবেরি)।” কে শুনে কার কথা: সব রচনা চিঠি আর প্যারাগ্রাফ মুখস্ত করে ফেলেছি।

সকলেই কিন্তু নজরুল জীবনানন্দ নন, কেউ কেউ মৃত্যুর পূর্বেও লেখক হয়ে বিদায় নেন, আর তা হয় কালোত্তীর্ণ। আপনার জীবনের গন্তব্য কী? এরকম প্রশ্নের জবাবে সদ্য অবসরপ্রাপ্ত এক সফল পাবলিক সার্ভেন্ট (বাংলায় সরকারি কর্মকর্তা) বলেছিলেন, “আমি এখন লেখালেখিতেই জীবন শেষ করতে চাই।” পাঠক থাকুক আর না-ই থাকুক, হিসেব করলে দেখবো যে, আমরা অনেকেই লেখক। হয়তো পাঠক ভিন্নতর হতে পারে; হয়তো গল্প উপন্যাস কবিতা পত্রিকা আর প্রবন্ধের পাঠক যা পড়েন, তা সকলে লেখেন না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও এককালের পত্রিকাকর্মী স্যার উইনস্টন চার্চিল বলেছিলেন: রাজনীতি বা রাজনীতিবিদ নিয়ে আমি আর কিছুই করছি না। এই যুদ্ধ শেষ হলে আমি সম্পূর্ণভাবে লেখা আর আঁকায় মনোনিবেশ করতে চাই। অতএব চার্চিলের মতে জীবনের গন্তব্য হলো লেখক হওয়া।
সকলেই লেখেন না, কেউ কেউ শুধু বলেই যান, আর অন্যে তা লেখে হয়ে যায় লেখক। কারও মুখের কথাই লেখা হয়ে যায় যদি তাতে প্রাণ থাকে। “নেপোলিয়নের প্রতিটি কথা এবং তার লেখার প্রতিটি লাইন পড়ার মতো, কারণ তাতে আছে ফ্রান্সের প্রাণ।” বলেছিলেন অ্যামেরিকান প্রবন্ধকার র‌্যাল্ফ ওয়ালডো ইমারসন। এমন ব্যক্তিদেরকে মনে নিয়েই হয়তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, “হয় পড়ার মতো কিছু লেখো, নয়তো লেখার মতো কিছু করো।”

Friday, November 2, 2012

তানিয়াদের সকাল

স্বামীকে বিদায় জানিয়ে দরজাটি বন্ধ করার পর মুহূর্তেই অভিমান আর বিষণ্নতায় পেয়ে বসলো তানিয়াকে। তানিয়া আহমেদ। সিনিয়র সিস্টেম এনালিস্ট। স্বামী পারভেজ আহমেদ। ব্যাংকার। একমাত্র সন্তানকে নিয়ে নিউক্লিয়াস পরিবার - সঙ্গে ভাইবোন মাবাবা কেউ নেই। সকলেই গ্রামে বা অন্য শহরে।

পৌরফোনে তানিয়ার চাকরির দশ বছর পূর্ণ হলো আজ। সহকর্মীরা আজ তাকে নিয়ে কী কী করতো, কে কী ভাষায় অভিনন্দন জানাতো তা-ই ভাবছেন তানিয়া, আর বাসন মাঝছেন। জানালায় আকাশ দেখছেন আনমনে। কতকিছুই না মনে পড়ছে তার আজ! পৌরফোনে চাকরিটা হবে যখন বুঝতে পারলেন, তখন থেকেই তিনি বুঝতে পারলেন যে চাকরিটা তার করা হবে না। চাকুরির ইন্টারভিউতে নিয়োগকারীই সাধারণত প্রশ্ন করে, শর্ত দেয় - তানিয়ার বেলায় ছিলো তার উল্টো। ছুটি হবে কি না, মা হতে পারবেন কিনা, যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট হবে কি না ইত্যাদি। প্রশ্নকারীরা বিস্মিত হলেও উত্তর দিয়ে যাচ্ছিলেন, কারণ তানিয়ার স্পষ্টবাদিতা তাদের পছন্দ হয়েছিলো। তারা মজাই পাচ্ছিলেন। বেতন ভাতা ইনক্রিমেন্ট প্রমোশন ইত্যাদি বিষয়ে কোন আগ্রহই নেই তানিয়ার। তার আগ্রহ ছিলো কাজটি কেমন হবে, সেটা করতে পারবেন কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিলো অফিস তার যাতায়াতের ব্যবস্থা করবে কি না। খুশিতে কাঁদতেছিলেন তানিয়া ইন্টারভিউ রুমেই। কারণ চাকরিটা তার হয়েই গেলো এবং তা তখনকার বাজারে বেশ মোটা-বেতনের চাকরিই বলা যায়। স্বামী তো খুশি এবং বিস্মিতও; যেন এই প্রথম পারভেজ বুঝতে পারলেন যে স্ত্রীরা স্বামীর চেয়ে বেশি বেতন পেলে সেটা অস্বাভাবিক কিছু নয়। চাকরি করার আনন্দ আর না করতে পারার আশংকায় হাবুডুবু তানিয়া বেতনের পরিমাণ নিয়ে কখনও ভাবেন নি।

আজ দশম বছরে তানিয়াকে জানালায় তাকিয়ে কাঁদতে হচ্ছে। চাকরিটা আছে বলেই হয়তো তানিয়াকে কাঁদতে হচ্ছে। অথচ প্রতিবারই তানিয়া অফিস থেকে একটি লাল চিঠির আশংকা করেন। এভাবে কতদিন সে অফিসকে ঠকাবে? এভাবে কতদিন শুনতে হবে মেয়েরা ফাঁকিবাজ, যখনতখন অফিসে অনুপস্থিত থাকে? সিনিয়র সহকর্মীরা তাকে বড্ড ভালোবাসে, তাকে বুঝার চেষ্টা করে এবং সহমর্মীতা দেখায়। কিন্তু সমস্যা হচ্ছে সমপর্যায়ের সহকর্মীদের নিয়ে, যাদের নিয়োগ হয়েছে তারই সময়ে, তারা টিজিং করেই যাচ্ছে।

অমিতের জন্মের পর নির্ধারিত মাতৃ-ছুটির পরও তানিয়াকে একমাস বেশি ছুটি নিতে হয়েছিলো। এক সহকর্মী তো বলেই ফেললো,  “বাব্বা! এতদিন পরও চাকরি থাকে! পরজনমে যেন নারী হয়ে জন্ম নেই, খোদার কাছে আমার এই প্রার্থনা!”

আরেক সহকর্মী তার চিরাচরিত শার্লকহোমস-টাইপের প্রশ্ন নিয়ে সেদিন চায়ের আড্ডাটিকে মাটি করে দিয়েছিলো। “আচ্ছা, এত অনুপস্থিত থাকার পরও আপনি এবার প্রমোশন পেলেন কী করে? বসও তো আপনাকে নিয়ে কোন কটুকথা বলতে শুনি নি!” তানিয়া এসব প্রশ্নের উত্তর দিতে চান না। ছেলেরা ভালো করলে কোন প্রশ্ন নেই, সেটা স্বাভাবিকভাবে সকলে মেনে নেয়, কিন্তু মেয়েরা কর্মস্থলে সুনাম অর্জন করলে সকলেই সন্দেহের চোখে তাকায়। প্রতিষ্ঠানের জন্য এতো পরিশ্রম করেও তাকে নিরন্তর এরকম অনাকাঙ্ক্ষিত প্রশ্নের মুখোমুখি হতে হয়। 

হঠাৎ অমিতের ‘আম্মু’ ডাকে সম্বিৎ ফিরে পেলেন তানিয়া। অমিত ঘুম থেকে ওঠেছে। বাবার ভক্ত হলেও অমিত আজ মাকে বাসায় পেয়ে বেজায় খুশি। “জাহানারা খালা আসে নি কেন, আম্মু?” তানিয়া তার কী উত্তর দেবে? জাহানারা আসে বেড়িবাঁধের বস্তি থেকে। বিধবা জাহানারা গত দু’তিন মাস ধরে তানিয়াদেরকে সাহায্য করছে। তার প্রধান কাজ অমিতকে দেখাশুনা করা। ঠিক গুরুত্বপূর্ণ দিনগুলো যে কীভাবে জাহানারা টের পেয়ে যায় সেটা তানিয়া আজও বুঝতে পারেন নি। যেদিন তানিয়ার অফিসে থাকার খুবই দরকার, ঠিক সেদিন জাহানারা আসে না!  “আম্মু আম্মু, আবার যদি খালা না আসে তাহলে আব্বুকে বলো আমার সাথে থাকতে।” তা কী করে হয়! জাহানারা না আসলে তো তানিয়াকেই বাসায় থাকতে হবে। এই তো স্বাভাবিক। অমিতকে বুকে জড়িয়ে তানিয়া  আরেকটি দিন অফিসের কথা ভুলে যাবার চেষ্টা করেন।